রনজিৎ নাইয়া
ধূসর সমুদ্র, লম্বা কালো পথ
মাথার উপর হলুদাভ অর্ধ-নিমজ্জিত চাঁদ।
চমকিত ক্ষুদ্র তরঙ্গ পাহাড়ায়
গর্জনশীল গভীর ঝড়ো রাত।
বিবর্ণ দিকশূন্য রাস্তায়
ধিক ধিক আগুনে জলন্ত
চিতার আর্তনাদ।
নিরবতার সৌন্দর্য
বিলীন হয়ে যায় একাকীত্বের অন্তর্দহনে।
অবসাদ খেলা করে রুদ্ধ-দ্বারে
কাজ নেই, সবকিছু বরবাদ।
অনাহারে মানুষ মরে
তবুও লড়াই চলে
যদি সহৃদয় বোঝে
নীড় হারা, ডানাহীন পাখির যাতনা।
পেটে ক্ষুধার জ্বালা
লুকিয়ে লুকিয়ে পাতে থালা
ভূমিতে লুটিয়ে লাজ,সেকি
উন্মাদনা।
একদিন হবে শেষ
যত চাওয়া পাওয়া
নিয়ম মেনে থেমে যাবে ঝড়
মানুষ যাবে কাজে
ফেলে রেখে অবসাদ
কাটিয়ে নীড়ের মায়া।

0 Comments